দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এ পদে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রতিনিধি পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে ৮ ভোটের ব্যবধানে এই জয় অর্জিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রীর নেতৃত্ব, সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টা এবং প্রার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও যোগ্যতা। তবে কূটনৈতিক মহলে ‘রেসিপ্রোকাল সাপোর্ট অ্যারেঞ্জমেন্ট (RSA)’ বা পারস্পরিক ভোট সমর্থন কৌশলকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বিষয় হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশের কূটনীতিকদের মতে, প্রায় ৭০টি সদস্য রাষ্ট্রের সমর্থন নিশ্চিত করা সম্ভব হয়েছিল এই কৌশলের মাধ্যমে। পাশাপাশি বেশ কিছু দেশ মৌখিকভাবেও বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের আশ্বাস দিয়েছিল।
জয়ের পর খলিলুর রহমান বলেন, তিনি সকল সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কোনো ব্যক্তিগত মতামতকে কাজে প্রভাব ফেলতে দেবেন না।
এই জয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক প্রভাব, গ্রহণযোগ্যতা ও সক্রিয়তার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের হুমায়ুন রশীদ চৌধুরী এই পদে দায়িত্ব পালন করেছিলেন।






