ভোর ৫:৩৫ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন লে. জেনারেল মিনহাজুল আলম

লে. জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।

সাইপ্রাসে দায়িত্ব পালনের উদ্দেশ্যে যাত্রার আগে বুধবার (৩ জুন) তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম।

আগামী শুক্রবার (৫ জুন) তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (UNFICYP)-এর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে তিনি অষ্টম কর্মকর্তা হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এর আগে বাংলাদেশি একাধিক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা বিভিন্ন আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।

উল্লেখ্য, UNFICYP জাতিসংঘের দীর্ঘতম চলমান শান্তিরক্ষা মিশনগুলোর একটি, যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে গ্রিন লাইন এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করছে।

বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।