ভোর ৫:৩৫ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঈদুল আজহায় প্রতিদিন গড়ে ১.৫১ লাখ যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময়ে ঢাকা মেট্রোরেল প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে।

বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)–এর এমআরটি লাইন-৬ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত মেট্রোরেল নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়েছে। ঈদের দিন ছাড়া অন্যান্য দিনে নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়।

যাত্রী চাহিদা বাড়লে দ্রুত সেবা নিশ্চিত করতে ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল। পাশাপাশি ছুটির সময়েও ডিএমটিসিএলের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন এবং মেট্রোরেল সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়।

নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সুশৃঙ্খল সেবা নিশ্চিত করতে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য ডিএমটিসিএল কৃতজ্ঞতা প্রকাশ করেছে।