রাত ৩:০৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

বাংলাদেশ–কসোভো সম্পর্ক জোরদারে বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আলোচনা

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ও কসোভো বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, জনশক্তি, প্রতিরক্ষা ও অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব দিয়েছে।

বুধবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ সুযোগ, শিক্ষাবিনিময় এবং জনশক্তি রপ্তানি ও নিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

প্রতিমন্ত্রী কসোভোকে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়া ও প্লাস্টিক পণ্যসহ বিভিন্ন পণ্য আমদানির আহ্বান জানান। পাশাপাশি তিনি লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি, নবায়নযোগ্য জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনার মতো খাতে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনশক্তি কসোভোর শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য বৃত্তি, ভিসা সহজীকরণ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সুযোগ বৃদ্ধির আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত লুলজিম প্লানা বলেন, কসোভো ইউরোপ ও বলকান অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে কাজ করে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা ও জনগণ পর্যায়ে সম্পর্ক বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।