রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল বের করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল আকস্মিকভাবে মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. হাসান আলী (৪৩), জিসান আহমেদ (৩৯), মো. রইসুল ইসলাম মানিক, মো. ফারুক ইসলাম (৩৬) ও আশিক মোহাম্মদ (২৪)। তাদের মধ্যে হাসান আলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মচারী।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।






