রাত ৩:০২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

যশোরে গ্রাম আদালতের সাফল্য, ২৬ মাসে নিষ্পত্তি ৬ হাজারের বেশি মামলা

স্থানীয় বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তিতে যশোরে গ্রাম আদালত কার্যক্রম দৃশ্যমান সাফল্য অর্জন করেছে। ফেব্রুয়ারি ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত ২৬ মাসে জেলায় গ্রাম আদালতে দায়ের হওয়া ৬ হাজার ১৯১টি মামলার বিপরীতে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ১৯৫টি মামলা।

বুধবার (৬ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, এ সময়ে ক্ষতিগ্রস্ত পক্ষের অনুকূলে ১০ কোটির বেশি টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। একটি মামলা নিষ্পত্তিতে গড়ে সময় লেগেছে মাত্র ১০ দিন।

মামলাগুলোর মধ্যে দেওয়ানি মামলা ছিল ৩ হাজার ২৭৩টি এবং ফৌজদারি মামলা ২ হাজার ৯১৮টি। আবেদনকারীদের মধ্যে নারীর অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বেড়েছে।

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক রফিকুল হাসান বলেন, গ্রাম আদালতের কারণে সাধারণ মানুষ দ্রুত বিচার পাচ্ছে এবং উচ্চ আদালতের ওপর চাপ কমছে।

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মহিতোষ কুমার রায় জানান, গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা আরও বাড়ানো গেলে এর সুফল আরও বিস্তৃত হবে।