রাত ৩:০২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনক,২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ৩ জনের মৃত্যু নিশ্চিত হাম এবং ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মোট ৪৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১,২৭৬ জন। আর ১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে। নিশ্চিত হাম রোগীর সংখ্যা এ সময়ে ৪ হাজার ৮৫৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৯৯১ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।