সারা দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে, আর বাকি নয়জন উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশুর মধ্যে হাম শনাক্ত বা উপসর্গ পাওয়া গেছে।
রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত দেড় মাসে (১৫ মার্চ সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ২৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মারা গেছে ৫০ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৪ শিশু।
এ সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে ৫ হাজার ৩১৩ শিশুর দেহে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৪০ হাজার ৪৯১ শিশু।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ বিভাগে হাম ও সন্দেহজনক উপসর্গে ১৫০ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২১ হাজার ৯৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।








