জাতীয় সংসদে ‘পিছিয়ে রাখা’ প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও জোরালোভাবে তুলে ধরতে সর্বদলীয় সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৯ মে) জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে এসডিজি বাস্তবায়নে কাজ করা নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ–এর একটি প্রতিনিধিদল বৈঠক করলে বিষয়টি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পিকার বলেন, জনগণের সংসদ হিসেবে পিছিয়ে পড়া মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করা জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য দূর করতে সর্বদলীয় এই ককাস কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন। একই সঙ্গে ককাস গঠনে প্রয়োজনীয় সংসদীয় প্রক্রিয়া সম্পর্কেও দিকনির্দেশনা দেন তিনি।
নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য–এর নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন ও বেসরকারি বিনিয়োগসহ বিভিন্ন বিষয় তুলে ধরে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সমাজের একটি অংশ স্বাভাবিকভাবে পিছিয়ে পড়েনি; রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কাঠামোগত কারণেই তাদের পিছিয়ে রাখা হয়েছে। তাই নীতিনির্ধারণী পর্যায়ে বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাশেদা কে চৌধুরী, ড. মুশতাক রাজা চৌধুরী, শাহীন আনাম, ড. ইফতেখারুজ্জামান, অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং সৈয়দ নাসিম মঞ্জুর।
এছাড়া সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)–এর অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খানসহ নাগরিক প্ল্যাটফর্ম ও সিপিডির সংশ্লিষ্ট প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।








