ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় রীতিনীতি নিয়ে সৃষ্টি হওয়া বিভিন্ন বিতর্ক ও বিশৃঙ্খলার পর সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ওরিয়েন্টেশন কোর্সের আয়োজন করেছে জাতীয় সংসদ সচিবালয়।
৩ ও ৪ জুন দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই কোর্সে নবীন ও প্রবীণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যপদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
‘মাননীয় সংসদ সদস্যদের জন্য সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদীয় কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কোর্স’ শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সংসদ সদস্যদের সংবিধান, সংসদীয় আইনকানুন ও কার্যপ্রণালী সম্পর্কে আরও দক্ষ করে তোলা।
সদ্য সমাপ্ত প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধি লঙ্ঘন, অপ্রাসঙ্গিক বক্তব্য এবং বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সংসদের কার্যক্রম একাধিকবার বিঘ্নিত হয়। এ ঘটনায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্যদের কার্যপ্রণালী বিধি গভীরভাবে অধ্যয়ন করার আহ্বান জানিয়েছিলেন।
সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, প্রশ্নোত্তর পর্ব পরিচালনা, নোটিশ প্রদান, বিল উত্থাপন ও পাসের প্রক্রিয়া, এবং পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেওয়ার সঠিক নিয়মাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
এ কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ অধিবেশনগুলোতে সংসদীয় শৃঙ্খলা বজায় রাখা, কার্যপ্রণালী বিধির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং সংসদের কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।








