সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য-কৃষক কার্ড উদ্বোধনে প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনকে সরকারের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “এই সরকার জনগণের সরকার। কৃষক, মা-বোন ও সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে সরকার।”

মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবার কোনো না কোনোভাবে কৃষিনির্ভর। তিনি বলেন, “কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।”

প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের মধ্যে কার্ড বিতরণের কথা জানিয়ে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে কৃষকদের ১০ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে, যাতে বন্যার অতিরিক্ত পানি সংরক্ষণ করা যায়। পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর কথাও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের সব নারীপ্রধান পরিবারের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।