জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষ্যে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “জুলাই সনদ সই করার জন্য সংসদের দক্ষিণ প্লাজায় ড. ইউনুস যখন ডেকেছিলেন, সবচেয়ে প্রথমে বিএনপি গিয়েছিল। বিএনপি জুলাই সনদে সই করেছিল। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে, সেই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। আমরা দেখেছি, এখন যারা বিরোধী দলে আছে, তারা প্রথমবার গিয়ে সই করবে কি করবে না তা নিয়ে দ্বিধায় ছিল। আরেকটি দল তো তখন সইই করেনি, নির্বাচনের পরে গিয়ে হঠাৎ সই করলো। সবচেয়ে প্রথমে বিএনপিই জুলাই সনদে সই করেছে। যারা নির্বাচনের পরে সই করলো, জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় তাদেরকে প্রশ্ন করতে পারি— এতই যদি দরদ হয়, তাহলে প্রথমে কেন সই করলেন না।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনগণের জনকর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে। আজকে আমাদের সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। স্বৈরাচারের ভূত কাদের উপর আবার ধীরে ধীরে আছর করছে, কারা আবার দেশে অরাজকতা তৈরি করতে চাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে।”
এর আগে তারেক রহমান মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। পরে তিনি জনসভায় যোগ দেন।






