জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ ও সহিংসতার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আজ নতুন সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এই কার্যক্রম চলবে।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কর্মকর্তা জবানবন্দি দেবেন। নিরাপত্তার কারণে তার পরিচয় গোপন রাখা হয়েছে। এর আগে চতুর্থ সাক্ষীর জেরা সম্পন্ন করবে আসামিপক্ষ।
মামলায় পলক গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, আর পলাতক থাকায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।
প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি, ইন্টারনেট বন্ধ রাখা এবং সহিংসতায় প্ররোচনার মাধ্যমে বিভিন্ন স্থানে হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।
গত ২১ জানুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।





