ট্যাক্স-ফ্রি গাড়ি ও প্লট সুবিধা গ্রহণে অনাগ্রহ জানিয়ে সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি বরাদ্দের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সংসদ সদস্যরা ব্যক্তিগত মালিকানার গাড়ি নয়, বরং সরকারি কাজে ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়ি চান।
তিনি যুক্তি দেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা স্থানীয় সরকার প্রতিনিধিদের মতো সংসদ সদস্যদেরও দায়িত্ব পালনের সুবিধার্থে সরকারি গাড়ি থাকা প্রয়োজন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে এমপিদের গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও সবার নিজস্ব গাড়ি নেই, যা কার্যক্রম পরিচালনায় অসুবিধা তৈরি করে।
তিনি আরও জানান, ট্যাক্স-ফ্রি সুবিধা না নেওয়ার বিষয়ে সংসদের সদস্যরা ঐকমত্যে পৌঁছেছেন এবং এর মাধ্যমে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে।






