চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই–এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এটিই তার প্রথম চীন সফর। সফরে তার সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এই সফরের মূল লক্ষ্য হিসেবে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
বুধবার (৬ মে) বেইজিংয়ে ওয়াং ই–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জ্বালানি সংকট, ব্যবসা-বাণিজ্য, মোংলা বন্দরের আধুনিকায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকটসহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন চাওয়ার বিষয়টিও গুরুত্ব পাবে।
বিশ্লেষকদের মতে, সম্প্রতি ভারত সফরের পর এই বেইজিং সফর কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ও গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ–এর আওতায় সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হতে পারে।
সফরে চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সম্ভাব্য চীন সফর নিয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।






