বীর মুক্তিযোদ্ধাদের জন্য বাস্তবায়িত ‘বীরনিবাস’ প্রকল্পে অতীত সময়ে সংঘটিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনিয়ম আর না ঘটে, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলোর কার্যকর বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। মাঠপর্যায়ে এসব কর্মসূচি বাস্তবায়নে ডিসিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের তালিকা হালনাগাদ, তাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা এবং বীরনিবাস প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের মাধ্যমে মন্ত্রণালয়কে আরও জনবান্ধব করে তুলতে কাজ চলছে।
প্রতিমন্ত্রী আরও জানান, বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে গৃহনিবাস প্রকল্পের আওতায় মোট ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৮০৬টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট ঘরগুলো নির্মাণাধীন রয়েছে।






