দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন থেকে দেশ এখন বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, এখন মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও নিজেদের ইচ্ছা প্রকাশ করতে পারছে।
বুধবার (২০ মে) ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে সদর উপজেলার শীবগঞ্জ এলাকার সংলগ্ন পরিত্যক্ত বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি দাবি করেন, বর্তমান অগ্রগতির পেছনে বিএনপি নেতা তারেক রহমানের ভূমিকা রয়েছে এবং তার নেতৃত্বেই দলটি এগিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, জনগণের ভোট ও ভালোবাসার কারণেই তারা দায়িত্বে এসেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই এখন তাদের মূল কাজ।
ঠাকুরগাঁও বিমানবন্দর প্রসঙ্গে তিনি বলেন, এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন অনুযায়ী বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তবে এর জন্য সময় লাগবে এবং ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিমানবন্দরটি টেকসই ও স্থায়ীভাবে চালু করার জন্য পরিকল্পিতভাবে কাজ করা হবে, যাতে ভবিষ্যতে এটি বন্ধ না হয়ে যায়।
অনুষ্ঠানে তিনি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, জনগণের সেবাই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত।






