বিকাল ৪:৩৭ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

৩০ রোজা পূর্ণ করে সৌদিতে ঈদ শুক্রবার

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র ঈদুল ফিতর আগামী শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠকে কোথাও নতুন চাঁদের দেখা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস পূর্ণ ৩০ দিনে শেষ হচ্ছে এবং মুসল্লিরা ৩০টি রোজা পালন করছেন।

দুই পবিত্র মসজিদভিত্তিক নির্ভরযোগ্য সূত্র ‘ইনসাইড দ্য হারামাইন’ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনেও একই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসলিামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ভিত্তিতে নতুন মাস নির্ধারণের প্রচলিত নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ঘোষণা করে। বুধবার রাত থেকে শুরু হওয়া এই ছুটি টানা চার দিন চলবে বলে জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আগাম এই ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানগুলো তাদের কাজের পরিকল্পনা গুছিয়ে নিতে পারবে এবং জরুরি সেবা চালু রেখেই কর্মীরা ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।