সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঈদ উপলক্ষে আজ চালু যেসব ব্যাংক শাখা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে তৈরি পোশাকশিল্পের বেতন-ভাতা পরিশোধ ও রপ্তানি বিল নিষ্পত্তি নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী, গার্মেন্টস-ঘন এলাকাগুলোর নির্বাচিত শাখাগুলো আজ বিশেষ সেবা দিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুসারে, ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হলেও গ্রাহক লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি রাখা হয়েছে।

ঈদের সরকারি ছুটি শুরুর মধ্যেও পোশাক খাতের জরুরি আর্থিক কার্যক্রম সচল রাখতে এই ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ব্যাংকগুলোও শিল্পাঞ্চলভিত্তিক গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা রেখেছে। প্রাইম ব্যাংক আগ্রাবাদ, নারায়ণগঞ্জ, গণকবাড়ী ও টঙ্গী শাখায় সেবা দিচ্ছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ তাদের আগ্রাবাদ করপোরেট শাখা, ঢাকার হেড অফিস কমপ্লেক্স, লোকাল অফিস ও নারায়ণগঞ্জ শাখা চালু রেখেছে।

এছাড়া ব্র্যাক ব্যাংক মতিঝিল, টঙ্গী, গণকবাড়ী, জয়দেবপুর, সিডিএ অ্যাভিনিউ, রোকেয়া সরণি, রংপুর, ধানমন্ডি-২৭, বড় বাজার, গুলশান নর্থ অ্যাভিনিউ, যশোর ও সিদ্ধিরগঞ্জ শাখায় কার্যক্রম চালাচ্ছে। সিটি ব্যাংক উত্তরবঙ্গ, রংপুর, পাবনা ও বগুড়াসহ বিভিন্ন শাখা খোলা রেখেছে।

এনসিসি ব্যাংক মতিঝিল, সাভার, জয়দেবপুর ও বাইপাইল শাখায় সেবা দিচ্ছে। পাশাপাশি শাহ্জালাল ইসলামী ব্যাংক ফরেন এক্সচেঞ্জ শাখা এবং প্রিমিয়ার ব্যাংক মতিঝিল, কারওয়ান বাজার ও গুলশান শাখা খোলা রেখেছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চন্দ্রা, বিসিক ও জুবিলি রোডসহ শিল্পাঞ্চলকেন্দ্রিক শাখাগুলোতে কার্যক্রম চালু রেখেছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী বিশেষ ভাতা পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, গার্মেন্টস খাতের অর্থপ্রবাহ সচল রেখে শ্রমিকদের বেতন পরিশোধ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য—যাতে ঈদের আনন্দ উদযাপনে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।