সকাল ৬:০৯ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

১৯ দিনে হামে প্রাণ হারাল ৯৪ শিশু, শনাক্ত ৭১১

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত ৯ শিশুর মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে সারা দেশে ৭১১ জন শিশুর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ৩১৮ জন ঢাকা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৪৭ জন শিশুকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ জন ঢাকা বিভাগের।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে ৮ জন, খুলনা ও সিলেটে ৫ জন করে, চট্টগ্রামে ৪ জন এবং বরিশাল ও রংপুরে ১ জন করে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ সময় ময়মনসিংহ বিভাগে নতুন কোনো আক্রান্তের তথ্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জোরদার এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিতের কথা জানিয়েছে।