রাজধানীর শ্যামলীতে অবস্থিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন-কে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাতে হাসপাতালের অপারেশন থিয়েটার ইনচার্জ মো. আবু হানিফ শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। এতে মঈন ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের শেরেবাংলা নগর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আক্কাস আলী জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেয়।
অভিযোগ অনুযায়ী, গত ১০ এপ্রিল সকালে শ্যামলীর একটি বাসার সামনে গিয়ে আসামিরা দরজা খুলতে বলে এবং চাঁদার টাকা দাবি করে। পরে বিষয়টি কেন্দ্র করে তারা লোকজন জড়ো করে সিকেডি হাসপাতালের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।
এ সময় তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে স্লোগান, গালাগালি ও হুমকি দেয় এবং হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার চেষ্টা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।






