বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদল কর্মী শেখ মোহাম্মদ আশিক আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
এ ঘটনায় মোট ১২৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০-১৫০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করা হয়েছিল। তদন্ত শেষে মোহাম্মদপুর থানা পুলিশ ১২৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান গত ২০ এপ্রিল আদালতে এ অভিযোগপত্র জমা দেন। তিনি জানান, ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগপত্রে আরও যাদের নাম রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ স্থানীয় ও ছাত্রলীগ নেতারা।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ পর্যায়ের নির্দেশনায় আন্দোলন দমন করতে সহিংস পরিকল্পনা বাস্তবায়ন করা হয় এবং আসামিরা একে অপরের সঙ্গে সমন্বয় করে ছাত্র-জনতার আন্দোলনে বাধা দেয়ার চেষ্টা করে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই সকালে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে বিকেলে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আশিক। পরে ২৮ সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।






