বিকাল ৪:১৮ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

সংসদে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ, প্রশ্নোত্তর পদ্ধতি নিয়ে এমপিদের অধিকার বঞ্চনার অভিযোগ

জাতীয় সংসদের মৌখিক প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে কেবল টেবিলে উপস্থাপনের সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এতে সংসদ সদস্যদের সম্পূরক প্রশ্ন করার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে এবং মন্ত্রীদের জবাবদিহিতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

রোববার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, সংসদ কি কেবল লিখিত বক্তব্য পড়ার ‘স্ক্রিপ্টেড’ মঞ্চে পরিণত হচ্ছে কি না। জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের সরাসরি প্রশ্ন করার সুযোগ সংকুচিত হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

বক্তব্যে তিনি সাম্প্রতিক এক ব্যক্তির গ্রেপ্তার এবং কার্টুন শেয়ার সংক্রান্ত ঘটনাও তুলে ধরেন। তার অভিযোগ, সাইবার নিরাপত্তা আইনের অপব্যবহার করে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত করা হচ্ছে। তবে স্পিকার জানান, এ ধরনের অভিযোগ ‘প্রিভিলেজ মোশন’ আকারে আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে হবে।

চিফ হুইপ বলেন, সময় স্বল্পতার কারণে প্রশ্নোত্তর পর্ব আপাতত টেবিলে দেওয়া হচ্ছে। তবে সংসদ চলার সময় বাড়ানো গেলে আবারও মৌখিক প্রশ্নোত্তর চালুর সুযোগ থাকবে। একই সঙ্গে তিনি বলেন, কার্টুন সংক্রান্ত ঘটনায় কেউ অন্যায়ভাবে গ্রেপ্তার হয়ে থাকলে বিষয়টি বিবেচনায় আনা উচিত, তবে অভিযোগের পূর্ণ তদন্ত প্রয়োজন।

এ ঘটনায় সংসদে প্রশ্নোত্তর পর্বের কার্যকারিতা, সময় ব্যবস্থাপনা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।