বিকাল ৪:১৩ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

কৃষিখাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী নেদারল্যান্ড, মন্ত্রীর সঙ্গে বৈঠক

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং পরে দুই দেশের মধ্যে কৃষি, প্রাণিসম্পদ, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই কৃষিনির্ভর এবং দেশের মাটি উর্বর হওয়ায় সারা বছর বিভিন্ন ফসল উৎপাদনের সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, নেদারল্যান্ডেও আধুনিক কৃষি ব্যবস্থার মাধ্যমে ব্যাপক উৎপাদন হচ্ছে, ফলে দুই দেশের মধ্যে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার বড় সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, বেসরকারি পর্যায়ে রপ্তানিমুখী যেকোনো উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানায়। বিশেষ করে দেশের চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ন চাষের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নেদারল্যান্ডের প্রতিষ্ঠানগুলো চাইলে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে।

এদিকে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশের কৃষিখাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার ও অ্যাকুয়াকালচার খাতে নেদারল্যান্ড সহযোগিতা করতে চায়।

এছাড়া গ্রিনহাউস প্রযুক্তি, মান নিয়ন্ত্রণ এবং কৃষি-সংক্রান্ত বিভিন্ন প্রটোকল উন্নয়নে সহায়তা দিতেও আগ্রহী বলে জানান তিনি।