ভোর ৫:৩৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জ্বালানি সংকট নিরসনে ১০ সদস্যের সংসদীয় কমিটি গঠন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জাতীয় সংসদে অনুমোদন পেয়েছে। গঠনের তারিখ থেকে কমিটির মেয়াদ হবে ৩০ দিন, এ সময়ের মধ্যে তারা সুপারিশসহ প্রতিবেদন দাখিল করবে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নুরুল ইসলাম।

তিনি জানান, সাম্প্রতিক জ্বালানি সংকট নিরসনে গঠিত এ কমিটি সংসদে সুপারিশসহ প্রতিবেদন দেবে। সরকার ও বিরোধী দলের সমন্বয়ে এমন উদ্যোগকে তিনি বিরল নজির হিসেবে উল্লেখ করেন।

এর আগে ২৩ এপ্রিল ইরান-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে দেশের জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব ওঠে সংসদে।

কমিটির সরকারি পক্ষের পাঁচ সদস্য হলেন-জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল মোহাম্মদ টুকু (সভাপতি), প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফউদ্দিন, মইনুল ইসলাম শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহমেদ অপু।

বিরোধী দলের পাঁচ সদস্য হলেন সাইফুল আলম মিলন, আবদুল বাতেন, মো. নূরুল ইসলাম, আবুল হাসনাত এবং মোহাম্মদ আবুল হাসান।