ভোর ৫:২৭ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জাতীয় ঐক্য ও কার্যকর সংসদের ওপর জোর চিফ হুইপের

জাতীয় ঐক্য, কার্যকর সংসদ ও গণতন্ত্র রক্ষায় সব দলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেন, “আমরা কেউ মরতে চাই না, সবাই মিলে বাঁচতে চাই-দেশকে বাঁচিয়ে তারপর বাঁচতে চাই”-এই দর্শন নিয়েই সংসদকে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদের অনেক সদস্য দীর্ঘ রাজনৈতিক নিপীড়ন ও দমন-পীড়নের অভিজ্ঞতা নিয়ে এসেছেন এবং এই সংসদকে “মজলুমদের সংসদ” বলে আখ্যায়িত করেন।

ঐতিহাসিক প্রেক্ষাপটে তিনি শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, নানা সংকট, স্বৈরশাসন ও অস্থিরতা পেরিয়ে বাংলাদেশ আজকের অবস্থানে পৌঁছেছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়েও নির্যাতন, গুম ও বিচারহীনতার অভিজ্ঞতা রয়েছে। তবে এসব চড়াই-উতরাই পেরিয়ে এখন একটি “নতুন সূর্যোদয়ের” সম্ভাবনা তৈরি হয়েছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, দল-মত নির্বিশেষে “ফ্যাসিবাদমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও মানবিক বাংলাদেশ” গঠনে ঐক্য অপরিহার্য।

সংসদের কার্যকারিতা প্রসঙ্গে তিনি বলেন, “সংসদ যদি কার্যকর না হয়, তাহলে শুধু প্রাণবন্ত হলেও লাভ নেই।” জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সংসদে তুলে ধরে যৌক্তিক সমাধান বের করার আহ্বান জানান তিনি।

চিফ হুইপ রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন পরিহারের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে ঐকমত্য গড়ে তুলতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, জ্বালানি ও গ্যাস ইস্যুতে সংসদের ঐক্যবদ্ধ অবস্থান জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

তিনি আরও জানান, সরকার ও সংসদ সদস্যরা ব্যক্তিগত সুবিধা ত্যাগ করে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন-“প্লট নেব না, গাড়ি নেব না-এটি জাতির স্বার্থে।”

আইন প্রণয়ন প্রসঙ্গে তিনি বলেন, স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে কাজ করা হয়েছে, যা একটি রেকর্ড। তবে দ্রুততার কারণে কিছু সীমাবদ্ধতা ছিল বলে স্বীকার করে তিনি ভবিষ্যতে আরও যাচাই-বাছাই করে বিল উপস্থাপনের ওপর জোর দেন।

শেষে তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন-বিশেষ করে কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের মানুষের জন্য কাজ করা। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।