ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময়সূচি নির্ধারণ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২ মে) সচিবালয় থেকে জানানো হয়, আগামী রোববার (৩ মে) রাত ৯টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার নবনির্বাচিত নারী সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
সচিবালয় সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গতা পাবে।
এর আগে, গত ৩০ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করে।
রিটার্নিং কর্মকর্তার তথ্য অনুযায়ী, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে ৪৯ জনকে বৈধ ঘোষণা করা হয় এবং তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
দলভিত্তিক হিসেবে বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াত জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তাদের শপথ গ্রহণের মাধ্যমে সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








