বিকাল ৪:২১ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জুলাই থেকে শুরু পঞ্চম প্রাথমিক শিক্ষা কর্মসূচি, সব শিক্ষক পাবেন ইংরেজি প্রশিক্ষণ

আগামী ১ জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হচ্ছে। এ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের নির্বাচনী ইশতেহারে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষক সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৯ জন। এর মধ্যে ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে ১ লাখ ৩০ হাজার শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদেরও ধাপে ধাপে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

এদিকে বরগুনা-২ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে ২০২৬-২৭ অর্থবছরে পৃথক প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

তিনি বলেন, সুনীল অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।