বিকাল ৪:২১ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

জ্বালানি সংকটের অভিযোগ তুলে সংসদে বক্তব্য জামায়াত এমপির

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন অভিযোগ করেছেন, তিনি রাত দুইটা পর্যন্ত রাস্তায় লাইনে দাঁড়িয়ে থেকেও গাড়ির জন্য জ্বালানি তেল পাননি।

বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিন রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি সংসদে রসিকতা করে বলেন, “গত রাতে আমাকে দুইটা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমি তেল পাই নাই। তেল শুধু মহান সংসদে, এত পরিমাণ তেল এখানে অপচয় হচ্ছে। বাইরের তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।”

নিজ এলাকার পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, যাত্রাবাড়ী দীর্ঘদিন ধরে অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত। গ্যাস সংকট, অবৈধ লিজ, যানজট ও চাঁদাবাজির কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও শিক্ষা খাতে অনিয়ম রয়েছে এবং উন্নয়ন কার্যক্রমে দলীয় প্রভাব কাজ করছে।

সংসদে বক্তব্যে তিনি অতীত রাজনৈতিক অভিজ্ঞতা, গণভোট ইস্যু এবং সংবিধান সংস্কার নিয়েও মন্তব্য করেন।