বিকাল ৪:২১ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

না ফেরার দেশে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। পরে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।

১৯৩৩ সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার বাবা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। ভারতের আরেক কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর তার বড় বোন।

দীর্ঘ সংগীতজীবনে হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় হাজারো গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে—সব ধারাতেই নিজের স্বতন্ত্রতা দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই শিল্পী।

তার অসংখ্য জনপ্রিয় গান প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করে আসছে।

এর আগে অসুস্থতার খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করে তার সুস্থতা কামনা করেছিলেন।