দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত নানা কাজেও ব্যস্ত সময় পার করেন। মডেলিং ও ফটোশুটের পাশাপাশি ফার্মিংয়ের প্রতিও রয়েছে তার বিশেষ আগ্রহ। মাটির কাছাকাছি থাকা জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান এই অভিনেত্রী।
এবার ভক্তদের সঙ্গে নতুনভাবে সংযুক্ত হতে ইউটিউবে নিজস্ব চ্যানেল চালু করেছেন তিনি। যদিও চ্যানেলটি খোলা হয়েছে কয়েক সপ্তাহ আগে, শুরুতে সেখানে নিজের সাজসজ্জা ও স্টাইলিং সম্পর্কিত কিছু ভিডিও শেয়ার করেছেন। নতুন হওয়ায় সাবস্ক্রাইবার সংখ্যাও এখনো তুলনামূলক কম।
তবে এই চ্যানেল ঘিরে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন জয়া। গণমাধ্যমকে তিনি বলেন, দর্শকদের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা এবং নিজের সৃজনশীল কাজের অন্তরালের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ।
তিনি জানান, পর্দায় দেখা চরিত্রগুলোর পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি ও নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। পাশাপাশি ব্যক্তিগত জীবনের এমন কিছু দিকও ভিডিওতে তুলে ধরবেন, যা এতদিন ভক্তদের অজানাই ছিল।
প্রকৃতিপ্রেমী এই অভিনেত্রী আরও জানান, তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে স্থান পাবে।
এ উদ্যোগের মাধ্যমে অভিনয়ের বাইরে ডিজিটাল প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি আরও শক্তিশালী করতে চান জয়া-এমনটাই মনে করছেন তার ভক্তরা।









