নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘তৈমুর’-এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান নৌবাহিনী।
মঙ্গলবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানায়, জাহাজ-বিধ্বংসী এই ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছে।
আইএসপিআর বলেছে, এই পরীক্ষা পাকিস্তানের নৌবাহিনীর দূরপাল্লা থেকে শত্রুর সামুদ্রিক হুমকি শনাক্ত ও ধ্বংস করার সক্ষমতার একটি শক্তিশালী প্রদর্শন।
বিবৃতিতে আরও বলা হয়, এটি জাতীয় প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা পাকিস্তান সশস্ত্র বাহিনীর সমন্বিত আক্রমণাত্মক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা এ অর্জনের জন্য সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে, গত ১৬ এপ্রিলও দেশটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।








