রাত ৩:০১ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

খামেনির ছেলে মোজতবা খামেনিকে নিয়ে মার্কো রুবিওর মন্তব্য

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি জীবিত আছেন এবং তার রাজনৈতিক ও সাংগঠনিক সক্রিয়তা ক্রমেই বাড়ছে।

যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিতে বক্তব্য দিতে গিয়ে রুবিও বলেন, “তিনি জীবিত আছেন এবং আমরা এমন ইঙ্গিত পেয়েছি যে দিন দিন তিনি আরও বেশি সক্রিয় হচ্ছেন।”

রুবিওর বক্তব্য অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেও মোজতবা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে সমঝোতা চুক্তির আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। তবে রুবিও আশাবাদ ব্যক্ত করে বলেন, আলোচনা অব্যাহত রয়েছে এবং একটি চুক্তি যেকোনো সময় হতে পারে।

তিনি আরও বলেন, ইরান যদি হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার নিশ্চয়তা দেয় এবং বিদেশি জাহাজে হামলা বা টোল আদায় বন্ধ করে, তাহলে যুক্তরাষ্ট্র ওই প্রণালি থেকে মাইন অপসারণে সহযোগিতা করতে প্রস্তুত।

উল্লেখ্য, মোজতবা খামেনিকে দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কাঠামোর একটি প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয় এবং ভবিষ্যতে নেতৃত্বের সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও তার নাম বিভিন্ন সময় আলোচনায় এসেছে।