যোগী আদিত্যনাথ বলেছেন, গরু ভারতের স্বঘোষিত রাষ্ট্রমাতা এবং একে নতুন করে জাতীয় পশু ঘোষণার কোনো প্রয়োজন নেই।
সোমবার উত্তরপ্রদেশের বিজনোরে এক জনসভায় তিনি বলেন, কোরবানির ঈদের দিন যারা সামাজিক যোগাযোগমাধ্যমে গোমাতার ছবি প্রকাশ করছে, তাদের এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। অন্যথায় তাদের এমন পরিণতি ভোগ করতে হবে, যা কয়েক প্রজন্ম মনে রাখবে।
তিনি আরও বলেন, “গোমাতা হলো স্বঘোষিত রাষ্ট্রমাতা। এ বিষয়ে আলাদা কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই।”
চলতি বছর ভারতের পশ্চিমবঙ্গে কোরবানির ঈদের সময় গরু কোরবানি না দেওয়ার বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ঈদের আগে প্রশাসনিক কঠোরতার কারণে অনেক মুসলিম গরু কোরবানি থেকে বিরত ছিলেন। একই সঙ্গে কিছু মহল থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিও ওঠে।
এ বিষয়টি পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রাজনৈতিক ও সামাজিক মহলেও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।








