সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজ কার্যক্রমে নিয়োজিত মাঠপর্যায়ের কর্মীদের মাঝে পবিত্র কোরআন ও এর অনুবাদের কপি বিতরণ শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।
সৌদি বার্তা সংস্থা (এসপিএ) জানায়, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে এই বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। বিদেশি হাজিরা নিজ নিজ দেশে ফেরার আগে তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
মদিনার কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত প্রায় ১৯ লাখ কপি কোরআন হজযাত্রীদের মাঝে বিতরণ করা হবে। পাশাপাশি ৮০টিরও বেশি ভাষার অনুবাদ সংযুক্ত কপি সরবরাহ করা হয়েছে, যাতে হাজিরা নিজ মাতৃভাষায় কোরআনের বার্তা বুঝতে পারেন।
ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এই বিতরণ কার্যক্রম চলবে।
ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উদ্যোগ বিশ্বব্যাপী কোরআনের বার্তা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৌদি নেতৃত্বের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন।
এদিকে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হজ-পরবর্তী সময়ে হাজিদের নিজ দেশে ফেরার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সব স্থল, আকাশ ও সমুদ্রবন্দরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নির্ধারিত ভ্রমণ সূচি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে মোট হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩১০ জনে, যা গত বছরের তুলনায় ২.০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিদেশি হাজি ছিলেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং অভ্যন্তরীণ হাজি ছিলেন ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।








