সকাল ৭:২২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ইরানে অবিস্ফোরিত বোমা বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরান-এর উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর জানজানে অবিস্ফোরিত একটি বোমা অপসারণের সময় বিস্ফোরণের ঘটনায় দেশটির অভিজাত বাহিনী Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন এখনো শনাক্ত করা যায়নি। নিহতরা সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জানজান শহরের বিস্ফোরণস্থলে ক্লাস্টার বোমা ও আকাশ থেকে নিক্ষেপ করা মাইনের উপস্থিতি থাকতে পারে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক সংঘাতের সময় মার্কিন বাহিনীর ফেলা কিছু বোমা অবিস্ফোরিত অবস্থায় থেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হয়। প্রায় ৪০ দিন পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর এটিই আইআরজিসির সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা।

যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন এলাকায় অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে আইআরজিসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।