লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভিম লক্ষ্য করে একাধিক রকেট নিক্ষেপ করেছে। রোববার (৩ মে) এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, নিক্ষেপ করা রকেটগুলোর মধ্যে একটি প্রতিহত করা হয়েছে, আর বাকি রকেটগুলো কোথায় আঘাত হেনেছে তা নির্ধারণের চেষ্টা চলছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এটি হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতির আরেকটি লঙ্ঘন।
এদিকে আঞ্চলিক সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে গত কয়েক মাস ধরে ইসরায়েল-লেবানন সীমান্তে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। এর আগে সীমান্ত এলাকায় ড্রোন হামলা ও রকেট হামলার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে।








