সকাল ৭:২২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

সমুদ্র পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন ব্যাঙ্গালুরুর যুগল

ভারতের ব্যাঙ্গালুরুর দানিশ আব্দি ও ভ্রুশালি প্রসাদ এক অনন্য দুঃসাহসিক কীর্তি গড়ে ইতিহাসে নাম লিখিয়েছেন। তারা খোলা সমুদ্রে সাঁতার কেটে শ্রীলঙ্কা থেকে ভারত পৌঁছে প্রথম যুগল হিসেবে এক দেশ থেকে আরেক দেশে সাঁতারের রেকর্ড গড়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, গত ৭ মে তারা শ্রীলঙ্কার তালাইমান্নার থেকে যাত্রা শুরু করেন। ভোর ৪টা ৩০ মিনিটে শুরু হওয়া এই অভিযান শেষ হয় ভারতের তামিলনাড়ুর ধানুশকোডিতে, দুপুর ৩টা ১৫ মিনিটে। পুরো পথ অতিক্রম করতে তাদের সময় লাগে ১০ ঘণ্টা ৪৫ মিনিট।

প্রায় ৩২ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথে তারা প্রবল ঢেউ ও প্রতিকূল বাতাসের মুখোমুখি হন। একাধিকবার ঢেউয়ের কারণে পেছনের দিকে সরে যেতে হলেও শেষ পর্যন্ত তারা সফলভাবে লক্ষ্য পূরণ করেন।

এই অভিযানের সময় তাদের সঙ্গে নিরাপত্তার জন্য সহায়ক নৌকা, প্যারামেডিক দল এবং ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা ছিলেন। ফলে পুরো যাত্রাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এই দুঃসাহসিক যাত্রার ভিডিও শেয়ার করেছেন তারা। সেখানে দেখা যায়, উত্তাল সমুদ্রের ঢেউয়ের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছেন এই যুগল।

জানা গেছে, এই চ্যালেঞ্জের জন্য তারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছিলেন। সাঁতারের জন্য তারা ঐতিহাসিক ‘রাম সেতু’ রুট বেছে নেন, যা সমুদ্রের নিচ দিয়ে ভারত ও শ্রীলঙ্কাকে যুক্ত করেছে বলে বিশ্বাস করা হয়।