সকাল ৭:২৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ট্রাম্পকে শি জিনপিং: প্রতিদ্বন্দ্বী নয়, চীন-যুক্তরাষ্ট্রের মিত্র হওয়া উচিত

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শি জিনপিং। বৃহস্পতিবার (১৪ মে) বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

বৈঠকে শি জিনপিং বলেন, “এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আমি আপনাকে এবং মার্কিন জনগণকে অভিনন্দন জানাই। আমার দৃঢ় বিশ্বাস, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যেসব পার্থক্য রয়েছে, তার চেয়ে একসঙ্গে কাজ করার স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “সহযোগিতা উভয় দেশের জন্য লাভজনক, আর দ্বন্দ্ব দুই পক্ষেরই ক্ষতি করে। দুই দেশের প্রতিদ্বন্দ্বী নয়, বরং মিত্র হওয়া উচিত। একই লক্ষ্য ও সাফল্যের পথে একসঙ্গে এগিয়ে যেতে হবে।”

জবাবে ট্রাম্প শি জিনপিংকে “মহান নেতা” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “অনেকে আমার এ মন্তব্য পছন্দ করেন না, কিন্তু আমি বলি কারণ এটি সত্য।”

তাইওয়ান ইস্যুতে সংঘাতের সতর্কবার্তা

বৈঠকে তাইওয়ান প্রসঙ্গেও কঠোর অবস্থান তুলে ধরেন শি জিনপিং। তিনি সতর্ক করে বলেন, তাইওয়ান ইস্যু সঠিকভাবে মোকাবিলা না হলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বন্দ্ব এমনকি সংঘাতও সৃষ্টি হতে পারে।

চীনের সরকারি সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়, শি জিনপিং ট্রাম্পকে বলেন, “তাইওয়ান প্রশ্নটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এটি সঠিকভাবে সামাল দেওয়া না হলে দুই দেশের সম্পর্ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছাতে পারে।”

তিনি আরও বলেন, তাইওয়ানের স্বাধীনতার প্রচেষ্টা তাইওয়ান প্রণালির স্থিতিশীলতার সঙ্গে সাংঘর্ষিক এবং এ অঞ্চলের স্থিতিশীলতা দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।