সকাল ৭:২২ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

চীন বিষয়ক বিশেষ দূত হলেন ইরানের পার্লামেন্ট স্পিকার ঘালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে তেহরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘালিবাফকে এই পদে নিয়োগের সুপারিশ করেছিলেন। পরে সেই প্রস্তাবে অনুমোদন দেন মোজতবা খামেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে চীন-সংক্রান্ত সব কূটনৈতিক ও কৌশলগত বিষয়ে ইরান সরকারের প্রতিনিধি ও সমন্বয়কের দায়িত্ব পালন করবেন ঘালিবাফ। নতুন এই পদে তার ক্ষমতা ও দায়িত্ব অতীতে চীনে নিযুক্ত যেকোনো ইরানি রাষ্ট্রদূতের চেয়ে বেশি হবে বলেও উল্লেখ করা হয়েছে।

তবে নতুন দায়িত্ব গ্রহণের পরও তিনি পার্লামেন্ট স্পিকারের পদে বহাল থাকবেন কি না, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক ব্রিগেডিয়ার ঘালিবাফ ইরানের রাজনীতির রক্ষণশীল ধারার অন্যতম প্রভাবশালী নেতা। ২০২৩ সাল থেকে তিনি দেশটির পার্লামেন্টের ২৩তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তেহরানের মেয়র ছিলেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরে ১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত সংলাপে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঘালিবাফ।