সকাল ৭:২৩ | শনিবার, ৬ই জুন, ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩, গ্রীষ্মকাল

চারদিনের চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চারদিনের সরকারি সফরে চীন যাচ্ছেন। আগামী ২৩ থেকে ২৬ মে পর্যন্ত এই সফর চলবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ মে) এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

চীন ও পাকিস্তানের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২৫ সালের আগস্টে শেহবাজ শরিফ চীন সফর করেন এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেন। ওই সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হন।

এদিকে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে চীন ও রাশিয়ার অবস্থান আরও ঘনিষ্ঠ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরিকল্পনা এবং পারমাণবিক নীতির সমালোচনা করে সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত এক যৌথ শীর্ষ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা বৈশ্বিক কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়েও সমালোচনা করা হয়।

চীন ও রাশিয়ার মতে, কৌশলগত স্থিতিশীলতা রক্ষায় পারস্পরিক আস্থা ও অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি গুরুত্বপূর্ণ হলেও এ বিষয়ে বড় কোনো চুক্তিতে এখনও অগ্রগতি হয়নি।

বিশ্লেষকদের মতে, শেহবাজ শরিফের আসন্ন চীন সফর আঞ্চলিক অর্থনীতি, জ্বালানি সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।