যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, স্বামীর গুরুতর অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তুলসী গ্যাবার্ড বলেন, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল ধরনের হাড়ের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ কারণে তিনি সরকারি দায়িত্ব ছেড়ে স্বামীর পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তার পদত্যাগ আগামী ৩০ জুন ২০২৬ থেকে কার্যকর হবে।
তিনি বলেন, “এই কঠিন সময়ে আমি আমার স্বামীর পাশে থাকতে চাই, যাতে তিনি এই রোগের বিরুদ্ধে লড়াই করতে পারেন।”
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুলসী গ্যাবার্ডের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি দায়িত্ব পালনে সফল ছিলেন এবং তাকে প্রশাসন মিস করবে। একই সঙ্গে তিনি তুলসীর স্বামীর দ্রুত আরোগ্য কামনা করেন।
ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ড পদত্যাগের পর জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক হিসেবে বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাস দায়িত্ব নেবেন।
তুলসী গ্যাবার্ড আগে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি দল ত্যাগ করে রিপাবলিকান পার্টিতে যোগ দেন এবং ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেন।
ডেমোক্রেটিক পার্টিতে থাকাকালীন সময়ে তিনি ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিরোধিতা করেছিলেন এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিরও সমালোচনা করেছিলেন।








