ইরাকের দুই মার্কিন বিমানঘাঁটিতে গত ২৪ ঘণ্টায় আটবার হামলা চালানোর দাবি করেছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। শনিবার এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুই সামরিক ঘাঁটি- আল হারির ও আল আসাদ বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংগঠনটি। এদিকে আল হারির ও আল আসাদ বিমানঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ছাড়া ইরাকে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। ইরাকের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ওই হামলায় দূতাবাসের হেলিপ্যাড ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। এর পর থেকে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে।
এই পরিস্থিতিতে ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘লেভেল ফোর’ সতর্কবার্তা জারি করেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখতে পারে।
সূত্র: এএফপি








