বিকাল ৩:১২ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ঢাকায় ভারতের হাইকমিশনার হচ্ছেন দীনেশ ত্রিবেদী

ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার। রোববার দেশটির ইংরেজি দৈনিক Hindustan Times এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন পর প্রতিবেশী কোনো দেশে রাজনৈতিক নিয়োগ হিসেবে ত্রিবেদীকে ঢাকায় পাঠানো হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। অন্যদিকে প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে ব্রাসেলসে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

ত্রিবেদীর নিয়োগের আগে বাংলাদেশের সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতি (অ্যাগ্রিমঁ) চাওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৭৫ বছর বয়সী এই অভিজ্ঞ রাজনীতিককে এমন গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে পাঠানোর সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যও একটি বার্তাবাহী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক জীবনে ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে ইউপিএ সরকারের আমলে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন। পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে দলত্যাগ করে মার্চে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ড. মুহাম্মদ ইউনূসের শাসনামলে দুই দেশের সম্পর্কে যে চাপ তৈরি হয়েছে, তা নিরসনের কৌশল হিসেবেও দেখা হচ্ছে এ সিদ্ধান্তকে।

এ নিয়োগের মাধ্যমে মোদি সরকার ইঙ্গিত দিয়েছে, গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে শুধু পেশাদার কূটনীতিক নয়, রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দায়িত্ব দিতে তারা আগ্রহী।