বিকাল ৫:৪৪ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

মুসলিম দেশগুলোর সমর্থন চেয়ে আলী লারিজানির খোলা চিঠি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর সঙ্গে চলমান সংঘাতের মধ্যে মুসলিম বিশ্বকে পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন আলী লারিজানি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এর প্রধান ও সচিব হিসেবে এই বার্তা দিয়েছেন।

আরবি ভাষায় লেখা ওই চিঠিতে লারিজানি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধী শক্তি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র কারও প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েলকে মুসলিম বিশ্বের শত্রু হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি আঞ্চলিক ভবিষ্যৎ নিয়ে ভাবতে এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ইরান সবসময় মুসলিম দেশগুলোর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রেখেছে এবং কখনও তাদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি। বর্তমান পরিস্থিতিকে ‘মার্কিন-জায়নবাদী আগ্রাসন’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যেই এই যুদ্ধ শুরু করেছে।

তবে এমন কঠিন সময়ে মুসলিম দেশগুলোর সীমিত সমর্থনে হতাশা প্রকাশ করেন লারিজানি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধ শেষ পর্যন্ত আগ্রাসী শক্তির জন্য ক্ষতিকর হবে, কারণ ইরানের জনগণ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটন-এর মধ্যে ২১ দিনব্যাপী আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। এর পরদিন যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে।

এর পাল্টা জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ইতোমধ্যে তাদের ভূখণ্ডে ইরানি হামলার নিন্দা জানিয়েছে।