ইরানে বিধ্বস্ত একটি এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে জীবিত উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। গত শুক্রবার ইসলামিক বিপ্লবী গার্ড বিমানটি ভূপাতিত করার পর তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সংবাদমাধ্যম এক্সিওস রোববার (৫ এপ্রিল) জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি ওই বিমানের ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। বিমানটি ভূপাতিত হওয়ার পর তিনি সেখান থেকে বের হতে সক্ষম হন। আহত হলেও তার চলাফেরার সক্ষমতা ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে একই বিমানের পাইলটকে উদ্ধার করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের জন্য এ ঘটনা বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়, কারণ পাইলট ও অপর ক্রুকে ধরতে অভিযান শুরু করেছিল ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়, শনিবার বিশেষ কমান্ডো ইউনিট এই উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে সহায়তা দিতে আকাশে একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়। উদ্ধার অভিযানের সময় বিপ্লবী গার্ডের সদস্যরা এগিয়ে এলে তাদের লক্ষ্য করে ব্যাপক বোমাবর্ষণ চালানো হয়।
উদ্ধার শেষে সংশ্লিষ্ট মার্কিন বাহিনী ইরান ত্যাগ করেছে বলে জানিয়েছে এক্সিওস।
আরও জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পাইলট ও ওয়েপন সিস্টেম অফিসার যোগাযোগ যন্ত্রের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রাখেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই পাইলটকে উদ্ধার করা হয় এবং প্রায় একদিন পর দ্বিতীয় ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়।








