বিকাল ৪:৩৫ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

ফ্রান্সের ফুটবলে ২৪ লাল কার্ড, ম্যাচ শেষে ভয়াবহ বিশৃঙ্খলা

ফ্রান্সের অপেশাদার ফুটবলে এক নজিরবিহীন ঘটনার জন্ম হয়েছে, যেখানে ম্যাচ শেষে একসঙ্গে ২৪টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি। ঘটনাটি মরবিহান অঞ্চলের একটি আঞ্চলিক ডার্বি ম্যাচকে ঘিরে।

আভেনির দে গুইলে ও ইন্দেপেন্দান্ত দে মোরোনের মধ্যকার দ্বিতীয় সারির লিগ ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তবে শেষ বাঁশি বাজতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে দুই দলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন একজন খেলোয়াড়ের বাবা তার ছেলেকে রক্ষা করতে মাঠে প্রবেশ করেন। এরপর ধাক্কাধাক্কি, হাতাহাতি ও মাথায় আঘাতের ঘটনাও ঘটে। এতে মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংঘর্ষ থামাতে রেফারি কঠোর সিদ্ধান্ত নেন এবং ম্যাচে অংশ নেওয়া ২৭ জন খেলোয়াড়ের মধ্যে ২৪ জনকে লাল কার্ড দেখান। এর মধ্যে ১৩ জন গুইলিয়ের্স দলের এবং ১১ জন মোরোনের খেলোয়াড়।

প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষের সময় কেউ কেউ লাঠিও ব্যবহার করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর আঞ্চলিক ডিসিপ্লিনারি কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। ধারণা করা হচ্ছে, সংশ্লিষ্ট দুই ক্লাবের ওপর কঠোর শাস্তি আরোপ করা হতে পারে।

এর আগে ব্রাজিলের ক্লাব ক্রুজেইরো ও অ্যাতলেতিকো মিনেইরো-এর ম্যাচেও ২৩টি লাল কার্ড দেখানো হয়েছিল। তবে ফ্রান্সের এই ঘটনা সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।