বিকাল ৪:৩৫ | সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬
৭ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

লেবাননের সঙ্গে সরাসরি আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

ইসরায়েল লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। লক্ষ্য-সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-কে নিরস্ত্র করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, লেবাননের পক্ষ থেকে বারবার আলোচনার আহ্বান আসায় তিনি মন্ত্রিসভাকে দ্রুত আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, আলোচনার মূল বিষয় হবে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবাননের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলা।

অন্যদিকে লেবানন-এর প্রধানমন্ত্রী রাজধানী বৈরুতকে নিরস্ত্র করার ঘোষণা দিয়েছেন-অর্থাৎ সরকারি বাহিনী ছাড়া অন্য কারও হাতে অস্ত্র থাকবে না। এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন নেতানিয়াহু।

তবে নেতানিয়াহুর বক্তব্যের বিষয়ে লেবানন সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দুই শতাধিক মানুষ নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।