বিকাল ৪:২০ | শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩, গ্রীষ্মকাল

২০২৮ সালের মধ্যে ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিলস প্রশিক্ষণ দেবে ইউজিসি

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ২০২৮ সালের মধ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থীকে সফট স্কিলস, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ।

বুধবার (১৫ এপ্রিল) ইউজিসি ভবনে হিট প্রকল্পের ডিপিপি সংশোধন বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, সংশোধিত ডিপিপিতে এ প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং পরে ধাপে ধাপে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করা হবে।

ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, হিট প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন গবেষণা উপপ্রকল্পগুলো নিবিড়ভাবে তদারকি করতে হবে এবং প্রতিটি ধাপ সরকারি বিধি-বিধান অনুযায়ী সম্পন্ন হচ্ছে কি না তা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের সফট স্কিলস ও মূল্যবোধভিত্তিক প্রশিক্ষণ কার্যকরভাবে বাস্তবায়িত হলে দেশের উচ্চশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফ্যাকাল্টি এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করলে নতুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশি উপকৃত হবে।

সংশোধিত ডিপিপিতে আরও অন্তর্ভুক্ত করা হবে-সব বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ডেস্ক চালু, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি সম্প্রসারণ, ভার্চুয়াল পাঠদান প্ল্যাটফর্ম গড়ে তোলা, ক্যারিয়ার সেন্টার এবং অ্যালামনাই অফিস প্রতিষ্ঠা।