দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বাড়াতে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের উদ্যোগে আগামী ১২ জুন থেকে দেশব্যাপী এই কার্যক্রম শুরু হবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।
প্রতিযোগিতার উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে নির্বাচিত দলগুলো জাতীয় পর্যায়ে অংশ নেবে, যা ঢাকায় অনুষ্ঠিত হবে। সেখানে সেরা ১০টি দলকে পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী।
পরিপত্র অনুযায়ী, শিক্ষার্থীরা তিনটি ক্যাটাগরিতে প্রজেক্ট উপস্থাপন করবে-স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এবং ইনোভেশন আইডিয়া। প্রতিটি দলে থাকবে ৩ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক।
উপজেলা ও জেলা পর্যায়ের বাছাই শেষে প্রথম স্থান অধিকারী দল জাতীয় পর্যায়ে যাবে। কিছু নির্দিষ্ট জেলা ও মহানগর থেকে একাধিক দল সরাসরি জাতীয় পর্বে অংশ নিতে পারবে।
জাতীয় পর্যায়ে অংশ নেওয়া শিক্ষার্থীদের সনদসহ ২০ হাজার টাকা এবং শিক্ষকদের ৩০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার কথা রয়েছে। উপজেলা পর্যায়েও সেরা তিন দলকে পুরস্কৃত করা হবে।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধান, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান তৈরিতে উৎসাহ দেওয়া হবে বলে জানানো হয়েছে।








